আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলম বলেছেন, সরকারি উদ্যোগকে আমলে না নিয়ে গণমাধ্যমে যৌথ বিবৃতি দেওয়া কূটনৈতিক নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।
সোমবার (৩১ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাম্প্রতিক ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, একদল লোক হামলা চালিয়েছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কংগ্রেসের ১৪ সদস্যের জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের কাছে সাম্প্রতিক চিঠির বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে এ ধরনের উদ্দেশ্যমূলক চিঠি আসতেই থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বাংলাদেশের গঠনমূলক সম্পৃক্ততা রয়েছে এবং তাদের যেসব ক্ষেত্রে উদ্বেগ রয়েছে, সেসব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন তারা।
যারা এই ধরনের চিঠি লিখছে, বিদেশে থাকা বাংলাদেশি মিশনগুলো তাদেরকে খুঁজে বের করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।











