ব্রিটেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর।
গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনে ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬’-এর ‘A2’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে এ কৃতিত্ব অর্জন করেন তিনি।
বোল্টনের জাকারিয়া জামে মসজিদে গত ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১১০ জন প্রতিযোগী এতে অংশ নেন।
প্রতিযোগিতায় হাফেজ সাদের সুললিত কণ্ঠ ও কুরআন তিলাওয়াতের দক্ষতা বিচারকদের মুগ্ধ করে। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তাকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকার কিতাব বিভাগের শিক্ষার্থী।
এর আগে এ প্রতিষ্ঠান থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজ ইরান, দুবাই, সৌদি আরব, তুরস্ক ও কুয়েতসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। হাফেজ সাদের অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটির সাফল্যের তালিকায় আরও একটি কৃতিত্ব যুক্ত হলো।
হাফেজ সাদের এ অর্জনে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, “আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই অর্জন শুধু সাদ নূরের নয়, বরং পুরো বাংলাদেশের।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো কুরআনের আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলা যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারে এবং কুরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুরের এ অর্জন দেশের নতুন প্রজন্মের কুরআন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।











