spot_img

এমপি হারুনের কারণে চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন হয়নি: ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদের নিষ্ক্রিয়তার কারণেই উন্নয়ন বঞ্চিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জবাসী। গত ৪ বছরে তেমন কোনো উন্নয়ন অগ্রগতি হয়নি এই জেলায়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কিছু কুচক্রী নেতাকর্মীর ষড়যন্ত্রের কারণেই এমন ফল ভোগ করতে হয়েছে আমাদেরকে।

সোমবার (২ জানুয়ারি) শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রী আমার প্রতি ভরসা রেখেছেন বলেই পুনরায় নৌকার মনোনয়ন দিয়েছেন। নির্বাচিত হতে পারলে জেলার ব্যাপক উন্নয়নে অবদান রাখবো। এর আগে গত নবম ও দশম জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করেছি। আমার চেষ্টায় ও প্রধানমন্ত্রীর ইচ্ছায় শেখ হাসিনা সেতু নির্মাণ, যুব উন্নয়ন ভবন নির্মাণ, ৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে ২৫০ শয্যা হাসপাতালে রূপান্তর ও বিরতিহীন ট্রেন চালু করা হয়েছে। এছাড়াও চলমান থাকা মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্প ও নদী রক্ষা বাঁধ প্রকল্পের কাজের গতি কমে গেছে আওয়ামী লীগের এমপি না থাকায়।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে চলমান কাজগুলো দ্রুতগতিতে সম্পন্ন হতো। কিন্তু এমপি হারুনের উদাসীনতায় তা হয়নি। জনগণ আবারো সুযোগ করে দিলে সব কাজ করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় কাজ হিসেবে জেলায় অর্থনৈতিক জোন গড়ে তুলতে কাজ করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ