ড্রোন হামলার পর সৌদি আরবের রাস তানুরা শোধনাগারে কার্যক্রম স্থগিত করেছে সৌদি আরামকো। ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের অন্যতম বৃহৎ এই তেল শোধনাগারটি বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২ মার্চ) পারস্য উপসাগর তীরবর্তী এই শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, আরামকো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং স্থাপনাটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রাস তানুরা শোধনাগারটি সৌদি আরবের বৃহত্তম শোধনাগারগুলোর একটি। এটি প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে সক্ষম।
বিষয়টি এখনো প্রকাশ্যে না আসায় নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণ শেষ না হওয়া পর্যন্ত শোধনাগারটি বন্ধ রাখা হয়েছে।
সৌদি আরামকোর গণমাধ্যম দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সৌদি সরকারের পক্ষ থেকেও মন্তব্যের অনুরোধের দ্রুত জবাব পাওয়া যায়নি।











