ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে, বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল (ধ্বংসাবশেষ) একটি জাহাজের ওপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও দুইজন আহন হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক (৪৮)।
তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।











