আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আর শান্তি সমাবেশ নয়, এবার প্রতিবাদ প্রতিরোধ করতে হবে।
শুক্রবার (০২ জুন) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গা ভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী কয়েক মাস পর দেশে জাতীয় নির্বাচন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সেই নির্বাচন বানচাল করতে চায়। কারণ, তারা দেশের উন্নয়ন পছন্দ করে না। জননেত্রী শেখ হাসিনা নৌকা নিয়ে নির্বাচিত হয়ে আবারও দেশের উন্নয়ন করুক, তা তারা চায় না। তাই আর শান্তি সমাবেশ নয়, প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে হত্যা করে তারা দেশে আরেকটি ৭৫ আগস্ট রচনা করতে চায়। তাই বিএনপির সমাবেশ থেকে শ্লোগান উঠে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। কিন্তু আমাদের নেতাকর্মীদের যতক্ষণ শক্তি এবং প্রাণ আছে। আমরা স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে দেখতে চাই না। তাই উন্নয়নের ধারা এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।










