আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, নির্বাচন হবে। আমাদের বাক্স থাকবে। আমরা যদি উন্নয়ন করে থাকি, মানুষের জন্য কাজ করে থাকি, আমাদের ভোট দেবেন, কাজ না করলে দেবেন না।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে “বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা” শীর্ষক পাইলট প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এদিন ৮৭ জন উপকারভোগীর মধ্যে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। এখন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। তিনি দিন-রাত চিন্তা করেন কীভাবে দেশের আরও উন্নয়ন করা যায়। এজন্য তাঁর ঋণ স্বীকার করতে হবে।
এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। ৭১ সালে যখন পাঞ্জাবিরা (পাকিস্তানি সৈন্যবাহিনী) রাজাকারদের সঙ্গে নিয়ে দেশের মানুষকে নির্যাতন করছিল, মা-বোনদের সম্মানহানী করছিল তখন আওয়ামী লীগ দেশের মানুষকে পাঞ্জাবিদের হাত থেকে বাঁচিয়েছে। আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে আছে।











