আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুহাম্মাদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
গতকাল সোমবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়া নির্বাচন কার্যালয় থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ মাহমুদ হাসানের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হিরো আলম। এসময় জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে হিরো আলম সাংবাদিকদের বলেন, নির্বাচন ও অভিনয় জগৎ দুটি আলাদা। আমরা যখন অভিনয় করি, তখন অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। আর যখন জনসেবা করি তখন জনসেবা নিয়েই ব্যস্ত থাকি। অভিনেতা হিসেবে জনপ্রতিনিধি হয়ে জনগণকে বিভিন্ন অনুষ্ঠানে বিনোদন দেওয়ার চেষ্টা করব।
হিরো আলম বলেন, আমি জনগণকে নিয়ে কাজ করি, সবসময় জনগণের পাশে থাকতে চাই। একারণে জনগণ আমাকে ভোট দিবেন।











