জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের জনগণ আর পরিবার, ব্যক্তি ও গোষ্ঠীর রাজনীতি চায় না। জনগণ দলীয় সরকার দেখতে চায় না; জনগণ জনগণের সরকার দেখতে চায়। অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন, আমরাও ‘হ্যাঁ’। ঠেলার নাম বাবাজি। কিন্তু আগে অনেকেই ‘না’ ভোটের প্রচারণা করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জনসভার মঞ্চে উঠে দুই হাত নেড়ে সামনের সারিতে বসা দর্শকদের অভিবাদন জানান জামায়াতের আমীর।
তিনি বলেন, আগের ২৩ বছর ও পরের ৫৪ বছর, এই ৭৭ বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি চান? চান না। তরুণ-তরুণী, এমনকি শিশুরাও চায় না; মা-বোনরাও চান না। এবার বাংলাদেশ পরিবর্তন চায়। এবারের নির্বাচনে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেকটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে করা হবে।
জামায়াতের আমীর আরও বলেন, চোরেরা চুরি করে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আল্লাহ যেন তৌফিক দেন, ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা নিয়ে আসতে পারি। এটি বাংলাদেশের বার্ষিক বাজেটের চারগুণ। দেশের টাকা বিদেশে নিয়ে রাজার আদলে বসবাস করবেন, আমরা তাদের ঘুম হারাম করে দেব। তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে। দেশে মুরগি, গরু চুরির জন্য মানুষকে পিটিয়ে মারা হয়; কিন্তু বড় বড় চোরদের কিছু হয় না। জামায়াত তা হতে দেবে না।











