spot_img
spot_img

যুদ্ধের আড়ালে লুটপাট করছে ইসরাইলি সেনারা

দক্ষিণ লেবাননে যুদ্ধরত ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক লুটতরাজের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও সেনাদের এই অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ ও হারেৎজ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন রিজার্ভ সেনা সদস্যের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনথ জানায়, সীমান্ত এলাকায় মোতায়েন থাকা অনেক রিজার্ভ ইউনিটকে নির্বিচারে লুটতরাজ করতে দেখা গেছে।

ওই সেনা সদস্যের ভাষ্যমতে, সেনারা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে স্মৃতিচিহ্ন, অলঙ্কার, কম্বল এবং ব্যক্তিগত ছবি, যা সামনে পাচ্ছে তাই সঙ্গে নিয়ে যাচ্ছে। এমনকি জনশূন্য ব্যক্তিগত ঘরবাড়ি এবং দোকানপাট থেকেও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে তারা।

একটি ঘটনায় দেখা গেছে, একজন ইসরাইলি কমান্ডার তার অধীনে থাকা সেনাদের লুট করা মালামাল নিয়ে ইসরাইলে ফিরতে নিষেধ করছেন।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে, এর আগে গাজ্জা যুদ্ধের সময়ও দেশটির সেনাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সম্প্রতি ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির সিনিয়র সামরিক কর্মকর্তাদের এক সভায় সেনাদের এই লুটপাটের ঘটনা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন।

তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে, কমান্ডিং অফিসারদের এই নির্দেশ মানার ক্ষেত্রে সেনাদের মধ্যে চরম উদাসীনতা বিরাজ করছে, যা ইসরাইলি বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তিকে সংকটে ফেলেছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ