spot_img
spot_img

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বুধবার (৩ জুন) কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা আলজাজিরা সূত্রে জানা গেছে, ভোরে চালানো এই হামলায় বিমানবন্দরের একটি টার্মিনাল ভবন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কয়েকটি কূটনৈতিক স্থাপনাও ক্ষতির মুখে পড়ে। হামলার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। আহতদের মধ্যে বিমানবন্দরের কর্মী ও যাত্রী উভয়ই রয়েছেন।

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। পরে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর টার্মিনাল-৪ থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট কার্যক্রম সীমিত আকারে পুনরায় চালু করা হয়েছে।

কুয়েত সরকার এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী।

ঘটনার পর বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণে কাজ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ