করোনা মহামারিসহ নানা সেক্টরে ব্যর্থতার অভিযোগ এনে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর অপসারণের দাবিতে দেশটির ১৬০টিরও বেশি শহরে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। এতে নেতৃত্ব দিচ্ছে বিরোধী দল ও ট্রেড ইউনিয়ন।
শনিবার (২ অক্টোবর) এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
করোনা মহামারি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে বহু ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের প্রতি ক্ষুব্ধ আছেন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৬ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।
ভালদো ওলিভেরিয়া নামে একজন বিক্ষোভকারী এএফপিকে বলেন, ইনি এমনই একজন প্রেসিডেন্ট যিনি সবকিছুকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। দেশে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি লেগেই আছে। আমাদের গণতন্ত্র রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।
দেশটির আটলাস ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ জনগণ প্রেসিডেন্টের পারফরমেন্সকে খারাপ ও খুব খরাপ বলছেন। অথচ ২০১৯ সালে যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন এই হার ছিল ২৩ শতাংশ।











