আওয়ামী লীগ গিরগিটির মতো রং পাল্টায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, আওয়ামী লীগ গিরগিটির মতো রং পাল্টায়। আরেকটা হলো সূর্যমুখী ফুলের মতো এরা। সূর্য যেদিকে যায়, সেও সেদিকে যায়। এদের ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করে পাওয়া যাবে না। আজ প্রধানমন্ত্রী যুদ্ধের ঘোষণা দিয়ে তারেক রহমানকে দেশে ফেরার কথা বলেন। মনে রাখবেন, তারেক রহমান দেশে ফিরলে তাকে বরণের জন্য আপনাকে ফুলের মালা নিয়েও দাঁড়ানো লাগতে পারে।
বুধবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুআ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজ আপনারা (আওয়ামী লীগ) সাহসের কথা বলেন। সাহস থাকলে আপনারা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন, খালেদা জিয়াকে মুক্ত করে দেন। সেই সাহস তো আপনাদের নেই।
তিনি বলেন, সাহস বাংলাদেশের মানুষ জানে। এদেশের মানুষ তাদের পছন্দ করে যারা গণতন্ত্রের পথে। যারা স্বৈরতন্ত্রের পথে, তাদের মানুষ পছন্দ করে না। দেশের মানুষ বেগম জিয়াকে পছন্দ করে। তিনি আবার প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াও দেশে আসবেন। তখন অন্যদের কৃতকর্মের ফল ঠিক পেতে হবে।











