বিএনপিকে নিয়ে কথা না বললে আওয়ামী লীগের সকাল শুরু হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, তারা (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) বলে বিএনপি নেই, অথচ বিএনপিকে নিয়ে কথা না বললে তাদের সকাল শুরু হয় না। আওয়ামী লীগ তো শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারকেও হত্যা করেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে আমরা নির্বাচনে যাবো না। এ সরকার ক্ষমতায় থাকলে সেটি হবে না, ফলে আমাদের আন্দোলনে যেতে হবে।
বুধবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুআ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আপনি (শেখ হাসিনা) তারেক জিয়ার সাহসের কথা বলেন। শেখ মুজিবের মৃত্যুর সময় আপনি কত বছর দেশের বাইরে ছিলেন? আপনার নামে তো তখন কোনো মামলা বা বাধ্যবাধকতা ছিলো না। আর এখন তারেক জিয়ার সাহসের কথা বলেন!
তিনি বলেন, গত নির্বাচনে তারেক রহমান বিদেশে, বেগম জিয়া জেলে ছিলেন, তবুও আমরা নির্বাচনে গিয়েছি। আপনাদের সাহস তখন কোথায় ছিল, দিনের বেলা মানুষকে ভোট দিতে না দিয়ে রাতের আঁধারে ভোট ডাকাতি করেছেন।
বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের মানুষের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, সেটা গণতন্ত্র ফেরানো। আর এ সরকারকে ক্ষমতায় রেখে সেটা করা সম্ভব হবে না। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। সে লক্ষ্যে আমাদের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, আজ যারা সরকারে তাদের অধীনে কোনো নির্বাচনই কাম্য নয়। তারা কখনো ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবে না। দেশকে গুম-খুন থেকে রক্ষা করতে হলে এ সরকারের হাত থেকে দেশকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্য গঠন করতে হবে।












