আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলেও নির্বাচন একতরফা হবে না। লড়াই হবে ২৯ দলের মধ্যে।
রোববার (৩ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এই নেতিবাচক অবস্থা থেকে অনেক নেতা বেরিয়ে আসতে চায়। সেজন্য বেরিয়ে এসে তারা নির্বাচনে অংশ নিয়েছে। অনেকের শুভবুদ্ধির উদয় হয়েছে। অনেকেই নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত করতে চায় না। যারা বিএনপির নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করে সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এ সময় সামনে বিএনপির আরও অনেক নেতাকর্মী রাজনীতির সুস্থ ধারায় ফিরে আসবে বলেও প্রত্যাশা করেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ২৮টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি একটি দল। তাদের ভুল রাজনীতির কারণে অনেক দল, তাদের দল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। বিএনপি একটি দল, নির্বাচনে না আসলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে না। বিএনপি ভুয়া আন্দোলনে অনেকে বিভ্রান্ত হয়েছে।
তিনি বলেন, এদের বুকে সাহস নেই। তারেক রহমানকে বলবো, এটা রাজনীতি নয়। সৎ সাহস থাকলে দেশে এসে রাজপথে মোকাবিলা করেন। লন্ডনে বসে ভুলের রাজনীতির কারণে বিএনপি অনেক নেতাকর্মীকে হারাবে।











