ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ট্রানজিট/পরিবহন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। আফগান ব্যবসায়ীরা করাচি বন্দর থেকে তাদের পণ্য আর সহজে স্থানান্তর করতে পারবেন না। যা ইসলামাবাদের সাথে কাবুলের বাণিজ্যের উপর খারাপ প্রভাব ফেলবে।
গতকাল মঙ্গলবার (৩জানুয়ারি) আফগানিস্তান-পাকিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্সের কর্মকর্তারা এ বিষয়ে জানান।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান মোহাম্মদ ইউনুস মোমান্দ বলেন, “এই কাজ আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তারা বলেন, পাকিস্তান প্রতি বছর আফগানিস্তানের ভিতর দিয়ে মধ্য এশিয়ার দেশগুলিতে দুই মিলিয়ন টন পর্যন্ত তাজা ফল ও ভোজ্য সামগ্রী স্থানান্তর করে। তাই নতুন এই বিধিনিষেধ দুই দেশের মধ্যে ট্রানজিট ও বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করবে।
ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “এই সমস্যা দূর করতে ইসলামাবাদে ইসলামী ইমারাতের প্রতিনিধিরা গেছেন।”
উল্লেখ্য, আফগানিস্তান পাকিস্তানের করাচি বন্দর দিয়ে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও ইউরোপীয় দেশগুলো থেকে পণ্য আমদানি করে। ইসলামাবাদ প্রতিনিয়ত এই বন্দরে আফগান পণ্য পরিবহনে সমস্যা তৈরি করে।
সূত্র: এভিএ











