যুদ্ধ অবসানের পথ খুঁজতে বেলারুশে ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধিদের দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কিয়েভ আশানুরূপ ফল না পেলেও মানবিক সহায়তার ‘করিডোর’ নিয়ে দুই পক্ষে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের এক আলোচক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
বৃহস্পতিবার (৩ মার্চ) ইউক্রেনে রাশিয়ার অভিযানের অষ্টম দিনে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রুশ ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে এই দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল এখনও আসেনি। শুধু মানবিক করিডোর খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
তিনি এক টুইটার পোস্টে এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, আলোচনায় কিয়েভের লক্ষ্য রাশিয়াকে মানবিক করিডোর প্রতিষ্ঠায় রাজি করানো, যাতে বেসামরিক মানুষজন গোলযোগপূর্ণ এলাকা ছেড়ে চলে যেতে পারে এবং তুমুল লড়াইয়ের জায়গাগুলোতে মানুষকে চিকিৎসা ও খাদ্য সাহায্য পৌঁছে দেওয়া যায়। তাছাড়া, দ্রুত যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি চুক্তির বিষয়টিও আলোচ্যসূচিতে থাকার কথা তিনি জানিয়েছিলেন।











