লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ‘আঞ্চলিক যুদ্ধে যুদ্ধবিরতি গ্রহণের জন্য আমাদের প্রাথমিক শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধবিরতি, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।’
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষকে অবিলম্বে লেবাননের জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে এবং দখলকৃত লেবাননি অঞ্চল খালি করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের পেছনে সরে যেতে হবে।
আইআরজিসি জোর দিয়ে বলেছে, ইসরাইলকে লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব স্বীকার করতে হবে।
তাদের মতে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি











