spot_img
spot_img

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী প্রস্তুতি শুরু করেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসবিএসকে জানান, হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই অভিযানে পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল এবং একটি রসদ সহায়তা জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছিল, আমেরিকা ও ইরানের যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল এই প্রণালিতে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিধি কমিয়ে দিয়ে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় সিউলের কঠোর সমালোচনা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তার সূত্র ধরে প্রতিবেদনে জানানো হয়, অভিযানের জন্য বিদেশি বন্দর ও মূল ঘাঁটি নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে। তবে এই সেনা মোতায়েনের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় সংসদের সম্মতি নেওয়া প্রয়োজন।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালিতে সামরিক সম্পদ মোতায়েনের বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং এখনো কিছু চূড়ান্ত হয়নি। সামরিক, বেসামরিক ও অনুসন্ধানমূলক বিভিন্ন ধরনের অবদান রাখার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ