রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

রাত থেকেই শুরু হলো অবরোধের প্রভাব; ৪ বাসে আগুন

আগামীকাল রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হবে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। তবে অবরোধের প্রভাব শুরু হয়ে গেছে শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই। সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে ৪টি বাসে আগুন দেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সবশেষ রাত ১০টায় গুলিস্তানের স্টেডিয়াম পাতাল মার্কেটের সামনে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না এবং বাসের চালক ও সহকারীর কী হলো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এসব আগুন কে বা কারা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনেই বাসে আগুন দেওয়া হচ্ছে। এসব আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার তালহা বিন জসিম রাত ১০টা ২০ মিনিটের দিকে গুলিস্তানের আগুনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, রাত ১০টায় আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে দুইটি ইউনিট দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুন লাগা বাসটি মঞ্জিল পরিবহনের বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাই। ৭টা ৪০ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ১০ মিনিটে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ৭টা ৩৫ মিনিটের দিকে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুনের খবর পাই। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, রাত ৮টার দিকে রাজধানীর সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে জনপথ মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। বাসটি কোন পরিবহনের তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।

উল্লেখ্য; সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের শরিকরাও এই অবরোধ পালন করবে। পাশাপাশি জমায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ