হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শক্তিশালী রুশ এই যুদ্ধজাহাজটি আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে।
মূলত ইউক্রেনে চলমান যুদ্ধ অব্যাহত থাকার পাশাপাশি আরও উত্তপ্ত হওয়ার মাঝেই সামরিক শক্তি প্রদর্শনে মনোযোগী হচ্ছেন রুশ প্রেসিডেন্ট।
বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে মোতায়েন করা ওই রুশ যুদ্ধজাহাজের নাম অ্যাডমিরাল গোর্শকভ। বুধবার প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধজাহাজের মোতায়েন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে অংশ নেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ফ্রিগেটের কমান্ডার ইগর ক্রোখমালও এতে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে অ্যাডমিরাল গোর্শকভকে যুদ্ধ পরিষেবা শুরু করার নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন।
এর আগে তিনি বলেন, জাহাজটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম ‘জিরকন’-এ সজ্জিত। মাতৃভূমির কল্যাণের জন্য আমি ক্রুদের সাফল্য কামনা করতে চাই।











