নতুন বছরে বিশ্ব অর্থনীতির জন্য অশনিসংকেত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ২০২৩ সালে মন্দার কবলে পড়বে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ, যার প্রভাব পড়বে সারা বিশ্বে। এমনকি যারা সরাসরি মন্দার কবলে পড়বে না, তাদের গায়েও আঁচ লাগবে।
আইএমএফ বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যমূল্য বৃদ্ধি, বিশ্বের বিভিন্ন দেশে সুদহার বেড়ে যাওয়া ও চীনে নতুন করে করোনাভাইরাসের বিস্তার—এসব কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। এতে বিশ্বের এক-তৃতীয়াংশ দেশের অর্থনীতি চলতি বছর মন্দার কবলে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিবিএস নিউজের এক অনুষ্ঠানে আইএমএফের প্রধান এ আশঙ্কার কথা তুলে ধরেছেন। এর আগে গত অক্টোবরে প্রকাশিত আইএমএফের অর্থনৈতিক আউটলুকে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমানো হয়।
সূত্র: গার্ডিয়ান











