মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী সাঈদ ফয়সালকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বড় একটি ছুরি হাতে সজ্জিত এক ব্যক্তিকে বুধবার বিকেলে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজের এক পুলিশ অফিসার গুলি করে হত্যা করেছে। কেমব্রিজের চেস্টনাট স্ট্রিট এলাকায় ধাওয়া করে ধরার চেষ্টার পর এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বলছে, কেমব্রিজপোর্টের একজন বাসিন্দা দুপুর সোয়া একটার দিকে ৯১১ নাম্বারে ফোন করেন। ছুরি হাতে একজন ব্যক্তি অ্যাপার্টমেন্টের জানালা থেকে লাফিয়ে পড়ার ঘটনা জানানোর জন্যই ওই বাসিন্দা ফোন করেন। লোকটিকে তখন অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতে দেখা যায়।
কেমব্রিজ পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, আমাদের অফিসাররা বেশ কয়েকবার ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ওই যুবকের দেখা পাওয়ার পর তাকে নাগালে পেতে পাঁচটি ব্লকেরও বেশি এলাকায় চেষ্টা চালানো হয়। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি।











