spot_img
spot_img

শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা

ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিতে সেখানে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের বাসার সামনে ছাত্র-জনতা জড়ো হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে জনতার ভিড় আরও বাড়তে থাকে।

এ সময় উপস্থিত ছাত্র-জনতাকে ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’—এই ধরনের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ (বুধবার) রাত ৮টার দিকে তারা বাড়িটিতে প্রবেশ করেন। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত মুজিবের ম্যুরালটি ভেঙে ফেলা হয়।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা। অনেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একযোগে পুরো বিল্ডিংয়ের অবকাঠামো ভাঙচুর করা হচ্ছে। এ ছাড়া দ্বিতীয় তলার একাংশে আগুন দেওয়া হয়েছে।

এর আগে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পলাতক শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দেন।

এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ