বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম ১০৮টি ভোটকেন্দ্রের ফল সংগ্রহে ইসির বিশেষ উদ্যোগ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম ১০৮টি ভোটকেন্দ্রের ফল সংগ্রহ করতে, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিক নেটওয়ার্ক বা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) তিন জেলার রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

এ পদ্ধতিতে রাঙামাটির ২০টি, বান্দরবানের ৪৬টি এবং খাগড়াছড়ির ৪২টি, মিলে মোট ১০৮টি ভোটকেন্দ্রের ফল সংগ্রহ করা হবে। ইসির সবশেষ তথ্যানুযায়ী, সারাদেশে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৭৯টি। এবার ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি করে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, নির্বাচন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। তাদের মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, একই দিনে দুটি ভোট আয়োজনের কারণে বুথ ও ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার ব্যালট গণনায় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে।

বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ