spot_img

আমেরিকার ভিসানীতি আনন্দের বিষয় নয় : মির্জা ফখরুল

আমেরিকার নতুন ভিসানীতি আনন্দের কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের কারণে আমেরিকা এই ভিসানীতি জারি করেছে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ফেরানোর আর কোনো পথ আন্তর্জাতিক বিশ্ব দেখতে পাচ্ছে না।

সোমবার (৫ জুন) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল সারিনায় এক সেমিনারে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুহাম্মাদ ইসমাইল জবিউল্লাহ।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিজেদের গণবিচ্ছিন্ন করে ফেলেছে। গণতন্ত্রের আশেপাশেও তারা নেই। সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তারা। যে প্রতিষ্ঠান গণতন্ত্র টিকিয়ে রাখে, সেগুলো তারা ধ্বংস করেছে।

জিয়াউর রহমানকে ছোট করে আপনাদের নেতাকে (বঙ্গবন্ধু) মহিমান্বিত করতে পারবেন না মন্তব্য করে তিনি বলেন, আজকের অবস্থায় জিয়াউর রহমান সবচেয়ে প্রাসঙ্গিক। পাকিস্তান সৃষ্টির পর থেকেই মানুষ বুঝে গিয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে না। জিয়াউর রহমানকে অস্বীকার করার উপায় নেই। যারা ইতিহাসকে মুছে দিতে চায়, তাতে করে আপনাদের নেতাকে মহিমান্বিত করতে পারবেন না। যার যে ঋণ, তাকে সেই প্রাপ্য দিন।

তিনি আরও বলেন, জাতির সামনে গণতন্ত্রের দর্শন নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। তিনি তৃণমূল পর্যায় থেকে কাজ করেছেন। তিনি গ্রাম সরকার ব্যবস্থা ও স্বনির্ভর গ্রাম সৃষ্টি করতে চেয়েছিলেন। গণতন্ত্রের মূল উদ্দেশ্য মানুষকে ক্ষমতায়িত করা।

মির্জা ফখরুল বলেন, যারা গণতন্ত্রের মানসকন্যা বলে নিজেদের প্রচার করতো, তারা কী করেছিল? তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা মানুষ চায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ