পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়।
তিনি বলেন, তুরস্কের সফলতাই পাকিস্তানের সফলতা। পাকিস্তানের অগ্রগতিই তুরস্কের অগ্রগতি।
শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, ইস্তাম্বুলে আসতে সব সময়ই তার ভালো লাগে। উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য তিনি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে ধন্যবাদ জানান।
তুরস্কের বিখ্যাত কবি ইউনুস এমরের কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করে শাহবাজ শরিফ বলেন, ‘বন্ধুর জন্য হৃদয়ই সবচেয়ে ভালো ঘর।’
তার মতে, এই কথাটিই পাকিস্তান ও তুরস্কের সম্পর্ককে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে। পাকিস্তান ও তুরস্কের বন্ধুত্ব বহু শতাব্দীর ইতিহাস, অভিন্ন ধর্মীয় বিশ্বাস, পারস্পরিক ত্যাগ এবং ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি বলেন, কঠিন সময়ে, যুদ্ধ, ভূমিকম্প বা বন্যায় তুরস্ক সব সময় পাকিস্তানের পাশে থেকেছে। এ কারণেই আমরা বলি, পাকিস্তান ও তুরস্ক দুটি দেশ হলেও এক আত্মার দুটি হৃদয়।
দুই নেতার মধ্যে খুবই ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প খাতে সহযোগিতা বাড়ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনের উপায় নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। এ ছাড়া জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান শাহবাজ শরিফ।
তিনি বলেন, দুই দেশই বিশ্বাস করে, বিরোধ মেটাতে এবং বিশ্বে শান্তি বজায় রাখতে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সম্মানই সবচেয়ে কার্যকর পথ। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্যও তুরস্ককে ধন্যবাদ জানান তিনি।
শেষে সুফি কবি রুমির একটি উক্তি তুলে ধরে শাহবাজ শরিফ বলেন, ‘প্রদীপ ভিন্ন হতে পারে, কিন্তু আলো এক।’ তার মতে, পাকিস্তান ও তুরস্কের মানুষ একই বিশ্বাস, মানবতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অটুট ভ্রাতৃত্বের আলোয় একসঙ্গে এগিয়ে চলেছে।
সূত্র: আনাদোলু











