দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে ২০২১ সালে বিলুপ্ত কমিটির সকল সদস্যদের কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে কেন্দ্রীয় কমিটির পদ পুনর্বিন্যাসের জন্য মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে ১২ সদস্যের সাব কমিটি করা হয়েছে।
বৈঠকে হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকালে সিনিয়র নায়েবে আমীর পদ শূন্য হওয়ায় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও হাটহাজারী মাদরাসার বর্তমান মহাপরিচালক মুফতী খলিল আহমদ কাসেমীকে সিনিয়র নায়েবে আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষে কওমী মাদরাসার শিক্ষার্থী হাফেজ রেজাউল করীম হত্যাকান্ডের ঘটনায় নিন্দা জানানো হয় এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।
এছাড়াও মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়েকেরামের দ্রুত মুক্তি ও ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মুফতী জসিম উদ্দীন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতী মোবারক উল্লাহ, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারি মহাসচিব মাওলানা আইয়ূব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রীস, অর্থ সম্পাদক মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, সহ অর্থ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা খোবাইব, মাওলানা আনওয়ারুল আলম, প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা তানভীরুল হক সিরাজী, সহ-প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জোনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা শামছুল ইসলাম জিলানী প্রমুখ।











