মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাগুরায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। শেখ হাসিনাকে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিবের বাড়ির ফটক লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ফটকের একটি অংশে আগুন ধরে যায়।
খবর পেয়ে রাত ৯টা ১৫ মিনিটের দিকে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একাধিক সংবাদমাধ্যম সাকিবের বাড়িতে হামলার খবর প্রকাশ করেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
এর আগে বুধবার দিল্লিতে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন সাকিব। এর কয়েক ঘণ্টার ব্যবধানেই তাঁর মাগুরার বাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা পুলিশ এখনো নিশ্চিত করেনি।
সাকিব ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশে শত শত ছাত্র-জনতার প্রাণহানি ও ব্যাপক দমন-পীড়নের মধ্যেও নীরব থাকায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। ওই সময়ে বিদেশে পরিবারের সঙ্গে তাঁর আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশিত হলে সমালোচনা আরও বাড়ে। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সৃষ্ট জনরোষের মধ্যে তিনি আর দেশে ফেরেননি।










