আগামী (৭ অক্টোবর) থেকে ২২ দিন পদ্মা-মেঘনায় ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।
চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের ইলিশ গবেষক ড. আশরাফুল আলম জানান, গত বছর মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রম সফল হওয়ায় এবার ইলিশের উৎপাদন বেড়েছে। আশা করছি, মা ইলিশ রক্ষা কার্যক্রমও সফল করতে সক্ষম হবো। মা ইলিশ ও জাটকা রক্ষা কার্যক্রমে বিভিন্ন অভিযানগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় ২০২০-২১ অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৮৩ মেট্রিক টন। যা গত তিন অর্থ বছর গড়ে (প্রতি বছর) প্রায় ১৫ হাজার মেট্রিক টন করে বৃদ্ধি পেয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, নিরাপদে মা ইলিশ ডিম ছাড়ার লক্ষে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিয়ে জেলেদের সাথে সচেতনতামূলক একাধিক সভা সেমিনার করা হয়েছে। নির্দিষ্ট সময়ে বরাদ্দকৃত চাল পৌঁছানোর আশ্বাস দিয়েছেন। তবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ১ থেকে ২ বছর কারাদণ্ড কিংবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ড দেওয়ার বিধান রয়েছে।











