অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামাস-ইসরাইলের তীব্র যুদ্ধের মাঝে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামাস-ইসরাইলের তীব্র যুদ্ধের মাঝে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৈঠকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইসরাইলের গণহত্যা বন্ধে আমেরিকাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
রোববার (৫ নভেম্বর) রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাথে মাহমুদ আব্বাসের সাথে প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক করেছেন।
হামাসের সাথে ইসরাইলের যুদ্ধ নিয়ে উত্তেজনার মাঝে দ্বিতীয়বারের মতো ওই অঞ্চল সফর করছেন ব্লিঙ্কেন। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজ্জা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। গাজ্জার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের নির্বিচার বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৯ হাজার ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।
শনিবার (৪ নভেম্বর) আরব বিশ্বের পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন।
বৈঠকে আরব বিশ্বের মন্ত্রীরা গাজ্জায় অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান যুদ্ধে বিরতি দেওয়া হলে হামাসের সদস্যরা পুনর্গঠিত হয়ে পুনরায় ৭ অক্টোবরের মতো হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।
তবে ওই অঞ্চলে সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার পাশাপাশি হামাসকে পুরোপুরি ধ্বংস করার পর গাজ্জা কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আলোচনা শুরুর চেষ্টা করছেন ব্লিঙ্কেন। আর ইসরাইলও বলেছে, তাদেরও লক্ষ্য একই ধরনের।
রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে অ্যান্টনি ব্লিঙ্কেন প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। কিন্তু বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কোনও কথা বলেননি তারা; এমনকি আনুষ্ঠানিক বিবৃতিও দেননি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৈঠকের বিষয়ে বলেছেন, গাজ্জায় জীবনরক্ষাকারী মানবিক সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ব্লিঙ্কেন।
সূত্র: টাইমস অব ইসরাইল










