spot_img
spot_img

ভয়মুক্ত এক সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভয়মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। আমরা সবাই একমত যে আমাদের মধ্যে সম্প্রীতি আছে। আমি সম্প্রীতির সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই- তা হলো ভয়। সম্প্রীতির পাশাপাশি আমাদের মনে ভয়ও রয়েছে। আমরা নির্ভীক নাগরিক। এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে মানুষের মধ্যে কোনো ভয় না থাকে।

তিনি বলেন, আমরা যদি এমন একটি দেশ গড়ে তুলতে পারি, তাহলে এটি একটি সফল দেশ হবে। আমরা এর জন্য অপেক্ষা করছি। আল্লাহ আমাদেরকে এমন একটি স্বপ্ন দেখার এবং তাতে অগ্রসর হওয়ার সুযোগ করে দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং এটা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে, কিন্তু কোনো ঘটনা ঘটলে জনগণকে তা ক্ষুব্ধ করে তুলতে পারে। এটি প্রশমিত করা উচিত। আমাদেরকে অবশ্যই ক্ষোভ প্রশমিত করতে হবে, যাতে এটি আবার অন্য ঘটনার কারণ না ঘটায়।

ড. ইউনূস বলেন, দেশের জনগণ একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে বসে নেই বরং তারা দেশ-বিদেশে উস্কানি দিচ্ছে। ক্ষমতাচ্যুত গোষ্ঠী এমনভাবে প্ররোচনা দিচ্ছে, যেটাকে আপাতদৃষ্টিতে কোনো উসকানি বলে মনে হয় না- একথা উল্লেখ করে তিনি এসব উসকানিতে সাড়া না দিতে সকলের প্রতি অনুরোধ জানান।

দেশের বাহিরের কারণেও উসকানি তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ যাতে এর শিকার না হয়, তাই তাদের কীভাবে উসকানি মোকাবেলা করতে হয় কা শিখতে হবে। উসকানির কারণে বাংলাদেশ বারবার আঘাত প্রাপ্ত হচ্ছে- ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয় পর্যায়ে। এটি মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ