দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আওয়ামী লীগ ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টামন্ডলীর সদস্য মুহাম্মাদ ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, বিএনপির ১০ দফা সাধারণ মানুষকে একত্রিত করেছে। বিএনপির আন্দোলন গণআন্দোলনে রূপ নিয়েছে। বেগম খালেদা জিয়া ও তার পবিবারের ক্ষমতার লোভ নেই। বিএনপি যে রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলেছে সেখানে দুই বারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখেনি।
শুক্রবার (৬ জানুয়ারি) রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বেশ কয়েকটি কমিশন গঠন করা হবে। যেসব কমিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিষয় মেরামত করা হবে। বিএনপির রাষ্ট্রকাঠামো নিয়ে প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কর্মীদের মধ্যে আলোচনার গুরুত্ব আরোপ করেন তিনি।










