জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অবশেষে এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে চলছে এই ভোটগ্রহণ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদ নির্বাচনও হচ্ছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশের পাশাপাশি রয়েছে রোভার স্কাউট ও বিএনসিসির সদসরা।
এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫।
নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে ৬টি গণনা মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।










