নাটোর সদর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে ছাত্র-জনতা শহরের কান্দিভিটুয়াস্থ শিমুলের বাসভবনে আগুন দেয়।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। সেখান থেকে মাইক নিয়ে মিছিল করতে করতে সাবেক এমপি শিমুলের বাড়িতে যায় তারা। সেখানে আগেই পুড়ে থাকা একটি গাড়িতে ও বারান্দায় আগুন জ্বালিয়ে আনন্দ উদযাপন করেন তারা।
এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান গণমাধ্যমকে বলেন, আসলে বাড়িটিতে তো কিছুই নেই। খবর পেয়েছি সেখানে বৈষম্যবিরোধী ছাত্ররাসহ অন্যান্য লোকজনও রয়েছেন।











