জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটা বিক্ষোভ-মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে গিয়ে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আল-বেরুনী হলের দেওয়ালের আঁকা গ্রফিতি ও দেয়ালচিত্রে রঙ ঢেলে মুছে দেন।
এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শেখ হাসিনা হলের সম্মুখে অবস্থান নিয়ে হাসিনার ম্যুরালটিও ভেঙে ফেলেন। এছাড়া শেখ রাসেল হলের শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’ নাম রাখেন। শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরাও হলের নামফলক ভেঙ্গে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘মুজিববাদ-মুজিববাদ, মুর্দাবাদ-মুর্দাবাদ’, ‘ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন, করে দাও নিশ্চিহ্ন’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব-ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘অ্যাকশন টু অ্যাকশন, খুনি হাসিনার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘সন্ত্রাসী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’—ইত্যাদি স্লোগান দিয়ে শেখ পরিবারের ম্যুরাল ভাঙতে ও গ্রাফিতি মুছতে দেখা যায়৷











