ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জড়িত হওয়ার বিরুদ্ধে জার্মানি এবং অস্ট্রিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ হয়েছে।
যুদ্ধে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সরবরাহ করার প্রতিবাদে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বহু সংখ্যক মানুষ বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন। এ সময় তারা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের এই যুদ্ধে জড়িয়ে পড়ার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
বিক্ষোভকারীরা ইউক্রেন যুদ্ধ থেকে অস্ট্রিয়াকে নিরপেক্ষ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভকারীদের হাতে এই দাবি সংবলিত প্রচুর ব্যানার এবং ফেস্টুন দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া ভিয়েনার এক বাসিন্দা বলেন, অস্ট্রিয়া নিরপেক্ষ রয়েছে এবং তাকে এই যুদ্ধে নিরপেক্ষই থাকতে হবে। আমরা কোনমতে এই যুদ্ধে জড়িত হতে চাই না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে তারা যে সিদ্ধান্ত নিচ্ছে তাই আমরা সমর্থন করতে বাধ্য হচ্ছি। প্রকৃতপক্ষে এভাবে ইউক্রেনে শান্তি আসবে না।
এদিকে, একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জার্মানির কেমনিৎজ শহরে। এ বিক্ষোভ থেকে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের আহ্বান জানানো হয়।
সূত্র: পার্সটুডে











