নাগোরনো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সাথে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে আর্মেনিয়া। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দু’জন আজারবাইজানের সেনা এবং অন্য তিনজন আর্মেনীয় কর্মকর্তা।
রোববার (৫ মার্চ) এ ঘটনা ঘটে।
আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নাগোরনো-কারাবাখ অঞ্চলের প্রধান একটি শহর থেকে দূরবর্তী অঞ্চলে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহে একটি কনভয়কে থামানোর পরে গুলি বিনিময়ে তাদের দুই সেনা নিহত হয়েছে। কনভয়টি একটি অননুমোদিত রাস্তা ব্যবহার করে এগিয়ে যাচ্ছিল।
অন্যদিকে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে বলেছে, আজারবাইজানের সেনাদের গুলিতে কারাবাখের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা নিহত হয়েছে। আজারবাইজানের সেনাদের বাধাপ্রাপ্ত হওয়া কনভয়টি নথিপত্র এবং সার্ভিস পিস্তল বহন করছিল উল্লেখ করেছে তারা। একইসঙ্গে আজারবাইজানীয় অভিযোগগুলোকে ‘অযৌক্তিক’ হিসাবে আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে আর্মেনীয় মন্ত্রণালয়।
আর্মেনিয়ার দাবি, আজারবাইজানের এসব আচরণ ‘আগে থেকে পরিকল্পিত এবং দেশটির শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় উসকানি ছড়াতে’ করা হচ্ছে।











