গাজ্জা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। এতে গাজ্জার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া গাজ্জায় প্রতি ঘণ্টায় শহীদ হচ্ছে ৪ জন শিশু।
এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজ্জায় অনাহার ও পানিশূন্যতায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। অন্যদিকে গাজ্জায় ইসরাইলী আগ্রাসনের কারণে এক হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, গাজ্জায় অনাহার ও পানিশূন্যতার কারণে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে এখন ৩১ জনে দাঁড়িয়েছে বলে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে।
গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলের চিকিৎসকরা নানা আশঙ্কার কথা শোনাচ্ছেন। তারা সতর্ক করে বলেছেন, অত্যন্ত সীমিত সরবরাহ দিয়েই হাসপাতালের ওয়ার্ডে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশু এবং ছোট শিশুদের চিকিৎসা করার চেষ্টা করছেন তারা।
এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) ফিলিস্তিনি শিশু দিবসের সম্মানে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে বেশ কয়েকটি পোস্ট প্রকাশ করেছে। এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, গাজ্জায় ১০০০ শিশু তাদের হয় একটি বা না হয় উভয় পা হারিয়েছে।











