spot_img
spot_imgspot_img

ইরানের হামলার পর এলাকা ছাড়ল আমেরিকার রণতরী: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, রোববার ভোরে তারা আমেরিকার একটি বিমানবাহী রণতরী ও নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, হামলায় উভয় জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো ওই এলাকা থেকে সরে যায়।

রোববার (৬ সেপ্টেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই দুই আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

বিবৃতিতে দাবি করা হয়, আমেরিকার যুদ্ধজাহাজ দুটি ইরানি নৌযানকে হয়রানি করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর উভয় যুদ্ধজাহাজ সংঘর্ষের এলাকা থেকে সরে যায় বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসি আরও বলেছে, আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুই আমেরিকান নৌযান লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করেছে। ইরানি বাহিনী এটিকে তাদের অভিযানের সত্যতা নিশ্চিত করার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছে, আমেরিকা সামরিক অভিযান অব্যাহত রাখলে ইরানের সশস্ত্র বাহিনী আরও ভারী জবাব দেবে।

এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসি নৌবাহিনী জানিয়েছিল, আমেরিকার হামলায় ইরানি তেলবাহী জাহাজ লক্ষ্যবস্তু করার প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যত্র আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নৌযানে হামলা চালিয়েছে।

তবে আমেরিকার সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি আমেরিকান নৌযান লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। আমেরিকার বাহিনীর দাবি, উভয় যুদ্ধজাহাজই হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো আমেরিকান সেনা আহত হয়নি।

সেন্টকম আরও জানিয়েছে, এর পর আমেরিকার বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ