spot_img

আগামীতে আমাদের যুুগপৎ কর্মসূচি হবে ঐতিহাসিক প্রতিবাদ : টুকু

আমাদের ঐক্যের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠবে তাতে এই সরকারের বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আগামীতে আমরা যুগপৎ ভাবে যে অবস্থান কর্মসূচি পালন করব, সেটা হবে ঐতিহাসিক প্রতিবাদ। সবাইকে আহ্বান করছি, অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ সরকারকে বুঝিয়ে দিন তাদের সঙ্গে মানুষ নেই।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কাউন্সিলে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

টুকু বলেন, জনগণ অবশ্যই এই সরকারকে বিদায় করবে। জনগণের কাছে ইয়াহিয়া খান টিকতে পারেনি, আইয়ুব খান টেকেনি, এরশাদও টেকেনি–এই সরকারও টিকতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এমন কোনো জায়গা নেই যেখানে লুটপাট হয় না। সেই লুটের টাকা বিদেশে পাচার হয়ে যায়। তাদের একটি জেলার ছাত্র সংগঠনের নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

সাবেক এই মন্ত্রী বলেন, আমরা ১০টি বিভাগীয় সমাবেশ করেছি। সেখানে নানান রকমের বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ কয়েকদিন আগেই উপস্থিত হয়েছে। এমনকি চাল, ডাল, মুড়ি-চিড়া নিয়ে সমাবেশ স্থলে এসেছে। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে জনগণ এই সরকারকে আর চায় না। সুতরাং, আমরা যদি ঐক্য করতে পারি, আমাদের ঐক্যের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠবে–তাতে এই সরকারকে বিদায় নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেএসডির আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ