অবশেষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাকার্থি। টানা চারদিন ধরে স্পিকার হওয়ার জন্য ভোটে লড়েছেন ম্যাকার্থি। কিন্তু তার দলীয় কয়েকজন নেতার সমর্থন না থাকায় প্রয়োজনীয় ভোট না পাওয়ায় ১৪ বার ব্যর্থ হন তিনি।
স্থানীয় সময় শনিবার মধ্যরাতে কংগ্রেসের ১৫ তম ভোটাভুটিতে স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক সমর্থন পেয়েছেন তিনি।
মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচনের ক্ষেত্রে গত ১০০ বছরেও স্পিকার নির্বাচন করতে গিয়ে কখনোই দ্বিতীয় দফা ভোট গ্রহণ করতে হয়নি। এর আগে ১৮৫৬ সালে স্পিকার নির্বাচন করতে গিয়ে বেশ ঝামেলায় পড়েছিল মার্কিন কংগ্রেস। সেবার মোট ১৩৩ দফা ভোট গ্রহণ করতে হয়েছে। এতে সময় লেগেছিল প্রায় ২ মাস।
৪৩৫ আসনবিশিষ্ট কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকানদের দখলে রয়েছে ২২২টি আসন। ১০টি আসন কম নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ২১২টি আসন। একটি আসন খালি।
রিপাবলিকানদের কাছে প্রয়োজনীয় সংখ্যক আসন থাকলেও দলীয় প্রার্থী দলের কয়েকজন নেতার বাধার কারণে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাননি ম্যাকার্থি।











