বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লুটপাটের মাধ্যমে দেশকে শূন্য করে ফেলেছে।
শনিবার (৭ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্বে এ কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা কোন প্রতিষ্ঠান থেকে কত টাকা লুট করেছে তার সবকিছুই বেরিয়ে আসবে। তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বোরখা পরেও রাস্তায় নামতে পারবে না।
সরকারের উদ্দেশে তিনি বলেন, কাঁচের ঘরে বাস করে অন্যের ভবনে ঢিল মারা বন্ধ করুন। তা না হলে কোথায় যাবেন সেটা নিয়ে ভবিষ্যতে দিশা খুঁজে পাবেন না। এছাড়াও বর্তমানে চাকরির ভয় দেখিয়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারকে পরাজিত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। আন্দোলন মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।











