বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনী বছরে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বিরোধী দল বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মেনন বলেন, দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একাট্টা হয়ে আছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের কথায় বিভ্রান্ত হবে না।
তিনি বলেন, যারা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন তারাই আগে নিজেদের দুর্নীতি-অপকর্ম মেরামত করুক।











