ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, আজ যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তাদের এক পাল্লায় আমরা দেখি আমেরিকা, অন্য পাল্লায় ভারত। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, ভারতের ইনসাফও দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ আসনে দলীয় প্রার্থী আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, বিএনপি-জামায়াত কেউই বলেনি যে তারা ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। তারা প্রচলিত ধারায় রাষ্ট্র পরিচালনা করতে চায়। ইসলামী আন্দোলন বিজয়ী হলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে।
তিনি বলেন, প্রচলিত আইনের কারণেই দেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে চোরের দেশে পরিণত হয়েছিল। ফলে এই দেশ থেকে টাকা পাচার হয়ে বিদেশে বেগমপাড়া তৈরি হয়েছে। এই দেশে বসেই অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ফুলঝুড়ি দেখাতে পারবো না। আমরা দেখেছি, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি ঘর ছেড়ে পালায়, আবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তাহলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছেড়ে পালাতে হবে না।
এ সময় তিনি সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটি ভোট পড়ে, তাহলে ইসলামের পক্ষে একটি শক্তি বাড়ে।











