মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ইরানি শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি বিশেষ লিখিত বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উদ্দেশ্যে হস্তান্তর করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের বরাতে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ইরান ও পাকিস্তানের বর্তমান কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনা এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
এই সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টা। ইরান ও আমেরিকা-ইসরাইল দ্বিমুখী সংঘাতের অবসান ঘটাতে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
বৈঠকে সেই চলমান কূটনৈতিক প্রচেষ্টার অগ্রগতি নিয়ে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গভীর আলোচনা ও মূল্যায়ন করেন।
সংশ্লিষ্ট মহল মনে করছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের এই মধ্যস্থতা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সূত্র: আল জাজিরা











