মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারীসহ পাঁচজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, সারাদিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৩/৩-এর সাব-পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলার মাঠ এলাকায় ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা চারজন পুরুষ ও একজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের সেই চেষ্টা থেকে সরে যায়।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দারা জানান, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল, তারা বর্তমানে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থান নিয়েছেন।
স্থানীয়দের দাবি, টানা বৃষ্টির মধ্যেও তারা বিজিবির সঙ্গে সীমান্তে নজরদারি চালিয়েছেন। তাদের ভাষ্য, গতকালও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা হলে গ্রামবাসী গণপ্রতিরোধ গড়ে তোলে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পুশইন প্রতিহত করতে তারা বিজিবিকে সহযোগিতা করবেন।










