ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছে আমেরিকা। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে অন্য দেশগুলো যেন কিয়েভকে সহায়তা অব্যাহত রাখে সে জন্য ইউক্রেনকে কৌশলী হতে পরামর্শ দিচ্ছে বাইডেন প্রশাসন।
আমেরিকা গোপনে ইউক্রেনের নেতাদের উৎসাহিত করছে, কিয়েভ যেন রাশিয়াকে ইঙ্গিত দেয় যে তারা শান্তি আলোচনায় আগ্রহী। তবে প্রকাশ্যে অন্য কথা বলতে বলছে ওয়াশিংটন।
আমেরিকার পরামর্শ, প্রকাশ্যে ইউক্রেন যেন বলে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতা থেকে অপসারণ না করা পর্যন্ত আলোচনায় বসবে না তারা। ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এসব কথা বলেছেন। খবর রয়টার্সের।
আমেরিকার কর্মকর্তাদের কিয়েভের নেতাদের এমন পরামর্শের মধ্য দিয়ে এটাই বোঝা যাচ্ছে যে, ইউক্রেন প্রশ্নে বাইডেন প্রশাসন একটা জটিল অবস্থান নিয়েছে।
একদিকে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে যত দিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তা দিতে চাইছেন, অপরদিকে আট মাসের এ যুদ্ধ বন্ধের আশাও রয়েছে বাইডেন প্রশাসনের।











