গাজ্জা গণহত্যায় অস্ট্রেলিয়া সরকারের সমর্থনের প্রতিবাদে সিনেটে প্রতিবাদ জানিয়ে অধিবেশন বর্জন করেছে দেশটির রাজনৈতিক দল ‘গ্রিন পার্টির’ সিনেটররা। সোমবার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউজে এই ঘটনা ঘটে।
সিনেট অধিবেশনের এক ভিডিও ফুটেজে দেখা গ্রিন পার্টির সিনেটর মেহরিন ফারুকীকে বলতে দেখা যায়, ফিলিস্তিন ইস্যুতে সরকার দলীয় জোট নৈতিকভাবে দেওলিয়া। লেবার পার্টি দেখিয়েছে যে, তারা কতটা নিষ্ঠুর, নির্বোধ ও কাপুরষ। ইসরাইল কর্তৃক হাজার হাজার ফিলিস্তিনিদের তোমরা গণহত্যার শিকার হতে দেখছো, অথচ তোমরা এর নিন্দা করছো না। অতিদ্রুত যুদ্ধ বন্ধের আহবান জানাতে অস্বীকার করছো। আমাদের দ্বারা এটা সম্ভব নয় যে, আমরা এখানে বসে থাকবো আর কিছুই না করার কারণে বাহবা স্বরূপ তোমাদের পিঠ চাপড়ে দিতে দেখবো। ইতরের ন্যায় তোমাদের প্রতারণামূলক কথাবার্তা যুদ্ধাপরাধ থামাতে পারবে না। আজ আমরা জনসাধারণের প্রতিবাদ নিয়ে সংসদে হাজির হয়েছি।
এসময় সিনেটর মেহরিন ফারুকীকে হাত উঁচিয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিতে দেখা যায়। বক্তৃতার পুরো সময়জুড়ে তাকে ফিলিস্তিনের ঐতিহাসিক কুফিয়া রুমালও কাঁধে ঝুলিয়ে রাখতে দেখা যায়।
বক্তৃতা শেষে মেহরিন ফারুকী ও গ্রিন পার্টির অন্যান্য সিনেটররা অধিবেশন বর্জন করে সিনেট কক্ষ থেকে বেরিয়ে যান। এসময় সিনেটর জ্যানেট রাইসকেও ফিলিস্তিনের পতাকা সম্বলিত কাগজ উঁচিয়ে সিনেট থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সিনেটে ১১টি আসনের অধিকারী গ্রিন পার্টি শুরু থেকেই গাজ্জায় ইসরাইলী গণহত্যার প্রতিবাদ জানিয়ে আসছে। ইসরাইলের বিরুদ্ধে নিন্দা ও যুদ্ধবিরতির আহবান জানানোর জন্য অস্ট্রেলিয়া সরকারকে চাপ দিয়ে আসছে। কিন্তু এবারই প্রথম সরাসরি অধিবেশন বর্জন করার কঠিন সিদ্ধান্ত নেয় দলটি।
সূত্র : আল জাজিরা











