রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৬ মিলিয়ন মার্কিন ডলারের নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে আমেরিকা। বাংলাদেশসহ এশিয়ার এই অঞ্চলের অন্যত্র বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা এই সহায়তা পাবেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) দেশটি নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, নতুন এই সহায়তা তহবিল বার্মা-বাংলাদেশ সীমান্তের উভয় দিকে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষের জীবন রক্ষাকারী সহায়তা প্রদান চালিয়ে যেতে আমাদের মানবিক অংশীদারদের সুযোগ দেবে।
তিনি আরও বলেন, ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা জনগণকে দেওয়া মার্কিন সহায়তার মোট পরিমাণ ২১০ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৮৭৬ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার সংস্থাটি এই সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে।
সূত্র : এএফপি











